‘আমার বাবা পুলিশ’, পরীক্ষায় টুকলি আটকাতে গিয়ে শিক্ষকরাই আক্রান্ত!

উত্তরাখণ্ডের দেরাদুনে নিজের সন্তানকে পরীক্ষায় নকল করার দায় থেকে বাঁচাতে গিয়ে এক পুলিশ সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ৪ জুন দেরাদুনের পিথুওয়ালার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা চলাকালীন সাব-ইন্সপেক্টর মহেশ কান্দওয়ালের ছেলে কবির কান্দওয়ালকে নকল করার অভিযোগে ধরেন শিক্ষকরা। এর জেরে পরদিন ৫ জুন অভিযুক্ত পুলিশ অফিসার সদলবলে কলেজে গিয়ে কন্ট্রোল রুমের ভেতরে ঢুকে শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চেয়ার ছুড়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে দেরাদুনের এসএসপি প্রমেন্দ্র সিং দোবাল অভিযুক্ত সাব-ইন্সপেক্টর মহেশ কান্দওয়ালকে সাময়িক বরখাস্ত করেছেন। এ ঘটনায় পিতা ও পুত্রের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে। যদিও অভিযুক্ত কবির কান্দওয়াল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং পাল্টা শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ দাবির অভিযোগ তুলেছেন। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *