মোবাইলের নেশায় সাত বছরের শিশুকে নৃশংসভাবে খুন করল দুই দিদি!
নদিয়ার কৃষ্ণনগরে একটি নামী স্কুলের হোস্টেলে প্রথম শ্রেণীর সাত বছর বয়সী এক শিশুকন্যাকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। গরমের ছুটি শেষে হোস্টেলে ফেরার পর ওই শিশুকে হত্যার অভিযোগে স্কুলেরই নবম শ্রেণীর দুই ছাত্রীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, হোস্টেলের কঠোর নিয়ম থেকে মুক্তি পাওয়া এবং মোবাইল ব্যবহারের তীব্র আকাঙ্ক্ষা থেকেই এই নৃশংস পরিকল্পনা করেছিল অভিযুক্ত দুই কিশোরী।
তদন্তে উঠে এসেছে, অভিযুক্তদের একজনের প্রেমের সম্পর্ক ও হোস্টেলে মোবাইল ব্যবহারের বিষয়টি জেনে ফেলায় ওই শিশুটিকে পথের কাঁটা মনে করা হয়েছিল। খুনের ধরন ছিল অত্যন্ত বীভৎস; শৌচাগারের বালতিতে চুবিয়ে শ্বাসরোধ করার পর ধারালো ব্লেড দিয়ে ওই শিশুর হাতের শিরা কেটে দেওয়া হয়। অভিযুক্তদের কক্ষ থেকে উদ্ধার করা ডায়েরিতেও হোস্টেল বন্ধের ইঙ্গিতপূর্ণ তথ্য পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।