২৪ ভারতীয় নাবিক থাকা জাহাজে মার্কিন হামলা! ওমানের কাছে কেন রণমূর্তি ওয়াশিংটন?
ওমানের উপকূলে ২৪ জন ভারতীয় নাবিকবাহী ‘এমটি মারিভেক্স’ নামক একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সেনার হামলায় আন্তর্জাতিক জলসীমায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে হরমুজ প্রণালীর কাছে পৌঁছালে জাহাজটিকে লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন থেকে গোলাবর্ষণ করা হয়, যার ফলে সেটিতে আগুন ধরে যায়। মাদাগাস্কারের পতাকাবাহী জাহাজটি কর্ণাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশ্যে যাত্রা করছিল। ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত সব ভারতীয় নাবিককে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, যুদ্ধের আবহে হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধ জারি রয়েছে এবং নির্দেশ অমান্য করে জাহাজটি ইরানের বন্দরের দিকে অগ্রসর হওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৩ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই অবরোধের আওতায় এ পর্যন্ত নিয়ম লঙ্ঘনকারী সাতটি জাহাজকে অচল করা হয়েছে। অন্যদিকে, নিয়ম মেনে চলা ১৩৪টি জাহাজকে অন্য পথে সরিয়ে দেওয়া হয়েছে এবং মানবিক প্রয়োজনে ৪২টি জাহাজকে হরমুজ পারাপারের অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর এই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে উদ্বেগের সৃষ্টি করেছে।