ফের ক্ষমতায় মোদী, কংগ্রেসের দুর্দিনে এনডিএ-র সাফল্যের জয়গান!
দেশের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর এই দীর্ঘ রাজনৈতিক যাত্রাকে ‘মা ভারতী’-র সেবার এক আধ্যাত্মিক সাধনা হিসেবে অভিহিত করেছেন। এই অনুষ্ঠানে এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কংগ্রেসের দীর্ঘ শাসনকালকে তীব্র আক্রমণ করে অভিযোগ করেন যে, কংগ্রেসের আমলে ভারত উন্নয়নের ধীরগতিতে আটকে ছিল এবং তারা নিজেদের ব্যর্থতার দায়ভার হিন্দুদের ওপর চাপিয়ে সেই অবস্থার নাম দিয়েছিল ‘হিন্দু গ্রোথ রেট’। বিপরীতে এনডিএ সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মোদী দাবি করেন, গত ১২ বছরে জনকল্যাণমুখী সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে মুক্তি পেয়েছে এবং দেশে একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণি তৈরি হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, কংগ্রেসের বিপরীত নীতি অনুসরণ করে এনডিএ সরকার ‘সঠিক সময়ে বড় আকারে’ কাজ করার সংস্কৃতিতে বিশ্বাসী এবং এই সাফল্য জোটের সকল শরিকদের সম্মিলিত অবদান।