ছেলের বিয়ের মাস না পেরোতেই চিরকূটে এমন কী লিখলেন বাবা?
কর্নাটকের মাণ্ড্য জেলার নেহরু নগরে একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতরা হলেন কাপড় ব্যবসায়ী প্রভাকর, তাঁর স্ত্রী জ্যোতি এবং সদ্য বিবাহিত ছেলে সন্তোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রভাকর প্রথমে তাঁর স্ত্রী ও ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন এবং পরবর্তীতে নিজের কাপড়ের দোকানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা আর্থিক সংকটের কথা উঠে এসেছে।
নিহত প্রভাকর সুইসাইড নোটে উল্লেখ করেছেন যে, কাপড়ের ব্যবসায় লোকসানের জেরে তিনি বিভিন্ন বেসরকারি ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করেছিলেন। ঋণের ইএমআই পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানির এজেন্টরা তাঁকে লাগাতার মানসিক হেনস্থা ও হুমকি দিচ্ছিল, যা সহ্য করতে না পেরেই তিনি এই চরম পথ বেছে নেন। মৃতের ভাই জানান, প্রভাকর তাঁর আর্থিক দুর্দশার কথা পরিবারের কাউকে বুঝতে দেননি। বর্তমানে মাণ্ড্য পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানিগুলোর এজেন্টদের সন্ধান চালাচ্ছে।