মা মারা গেছেন বোঝেনি অবুঝ শিশু, ২৪ ঘণ্টা ধরে জাগানোর করুণ চেষ্টা!
উত্তরপ্রদেশের গোণ্ডায় মায়ের মৃত্যুর পর দীর্ঘ ২৪ ঘণ্টা তাঁর নিথর দেহের পাশে বসে রইল সাত বছরের শিশু অর্পিত। যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সী গীতা দেবীর মৃত্যুর পর শিশুটি বুঝতে পারেনি মা আর নেই, বরং তিনি ঘুমিয়ে আছেন ভেবে বারবার ডাকার চেষ্টা করে সে। পরবর্তীতে ঘর থেকে দুর্গন্ধ বেরোলে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারলেও তারা শুরুতে সহায়তায় এগিয়ে আসেনি। শেষপর্যন্ত স্থানীয় একটি সামাজিক সংগঠনের কর্মীরা এসে শিশুটিকে উদ্ধার করেন এবং গীতা দেবীর শেষকৃত্য সম্পন্ন করেন।
মায়ের শেষকৃত্যের সময় সাত বছরের অর্পিতই মুখাগ্নি করে, যা হৃদয়বিদারক এক দৃশ্যের অবতারণা করে। ঘটনার পর অনাথ শিশুটির ভবিষ্যতের কথা ভেবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সহায়তা নেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে গোণ্ডার জেলাশাসক প্রিয়াঙ্কা নিরঞ্জন ঘোষণা করেছেন যে, অর্পিতের পড়াশোনা ও যাবতীয় দায়িত্ব জেলা প্রশাসন বহন করবে। শিশুটিকে আপাতত সরকারি শিশু হোমে রাখা হয়েছে।