১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যে কী ঘটছে? শুভেন্দুর বড় ঘোষণা!
সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী ১৫ থেকে ১৭ জুন রাজ্যজুড়ে তিন দিনব্যাপী ‘জনকল্যাণ শিবির’ (JKS) আয়োজন করা হচ্ছে। ‘সিঙ্গেল-উইন্ডো’ বা এককেন্দ্রিক ব্যবস্থার মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধাভোগী ও প্রশাসনের মধ্যে বিদ্যমান দূরত্ব ঘুচিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজ্যের পরিকল্পনা, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন দফতরের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ শিবিরে তাৎক্ষণিক নাম নথিভুক্তকরণ, তথ্য যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে।
রাজ্যের গ্রামীণ এলাকায় প্রতি ৭টি গ্রাম পঞ্চায়েত পিছু একটি এবং শহরাঞ্চলে প্রতি ১০টি ওয়ার্ড পিছু একটি করে এই শিবিরের আয়োজন করা হবে। এছাড়া প্রতিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বরো অফিসেও এই শিবির অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি স্বচ্ছ ও গতিশীল রাখতে একটি আইটি পোর্টাল তৈরি করা হয়েছে। এই মেগা ক্যাম্পেন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য, জেলা ও ব্লক স্তরে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যা জেলাশাসক এবং এসডিও-বিডিওদের মাধ্যমে পরিচালিত হবে।