অন্নপূর্ণার ৩০০০ টাকা পেতে চান? ফর্ম ফিলাপের ভুল এড়াতে এখনই জেনে নিন সঠিক নিয়ম!
রাজ্যজুড়ে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ যোজনার আবেদন প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যেই অনেক উপভোক্তার অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছেছে। অফলাইন ও অনলাইন—উভয় মাধ্যমেই নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে ফর্ম পূরণের সময় অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। প্রশাসনিক সূত্র অনুযায়ী, অফলাইনে জমা দেওয়া ফর্মে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ মিলতে পারে, কিন্তু অনলাইনে একবার ভুল তথ্য জমা পড়ে গেলে তা সংশোধনের সুযোগ না থাকার সম্ভাবনাই বেশি। তাই সাবমিট করার আগে তথ্য যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে, বিশেষ করে আয় সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ ভুল তথ্যের কারণে আইনি জটিলতা তৈরি হতে পারে।
আবেদন করার সময় পরিবারের প্রধানের পরিচয়পত্র, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, জাতিগত পরিচয়, বাসস্থানের ধরন, জমির মালিকানা এবং পেশা সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়া আয়কর, জিএসটি-নিবন্ধিত ব্যবসা, সরকারি পেনশন বা রাজনৈতিক পদাধিকারী সংক্রান্ত তথ্যও উল্লেখ করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর যদি কোনো কারণে তা বাতিল হয়, তবে সংশ্লিষ্ট আধিকারিককে তার সুনির্দিষ্ট কারণ জানাতে হবে। রাজ্য সরকার আগামী তিন মাসের মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে।