মাটি খুঁড়তেই কোটি কোটি টাকার ওষুধ, ডায়মন্ড হারবারে শোরগোল!
ডায়মন্ড হারবারের সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ জীবনদায়ী ওষুধ উদ্ধার হয়েছে। বুধবার জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় কোটি কোটি টাকা মূল্যের এই ওষুধের কার্টনগুলো বেরিয়ে আসে, যার গায়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ‘সেবাশ্রয়’-এর লোগো রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।
বিজেপির অভিযোগ, জনগণের জন্য আসা এই ওষুধ চুরি করা হয়েছিল এবং এখন সেই দুর্নীতি ঢাকতে মেয়াদ থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ ওষুধ মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই ঘটনায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদকে দায়ী করা হয়েছে। অন্যদিকে, তৃণমূলের দাবি, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। তাদের ভাষ্যমতে, উদ্ধার হওয়া ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, তাই নিয়ম মেনেই সেগুলো নষ্ট করা হচ্ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।