চলন্ত ট্রেনে মোহন ভাগবতের ওপর পাথর হামলা, যোগীরাজ্যে বড়সড় বিপত্তি!
উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় দিল্লিগামী স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় আরএসএস প্রধান মোহন ভাগবৎ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ট্রেনটি মাকখানপুর স্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালায়। এই ঘটনায় ট্রেনের ই-১ কোচের জানলার কাচ ক্ষতিগ্রস্ত হলেও মোহন ভাগবৎ সম্পূর্ণ অক্ষত ও সুরক্ষিত রয়েছেন।
ঘটনার পরপরই জরুরিভিত্তিতে ট্রেনটি টুন্ডলা স্টেশনে থামিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন আগ্রা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ফিরোজাবাদ পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসেও এমন হামলার শিকার হয়েছিলেন সঙ্ঘ প্রধান। পরপর দুইবার এমন ঘটনায় রেলযাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।