দেশে দু’মাসের তেল-গ্যাস মজুত, দাম কমার অপেক্ষায় দেশবাসী!
দেশে তেল ও গ্যাসের জোগান নিয়ে সাধারণ মানুষ বা শিল্পক্ষেত্রের উদ্বেগের কোনো কারণ নেই বলে স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। বর্তমানে দেশে প্রায় দুই মাসের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেল, এলপিজি (LPG) এবং এলএনজি (LNG) মজুত রয়েছে, যার ফলে বাজারে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। মন্ত্রক জানিয়েছে, দেশের শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে এবং রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলো নিরবচ্ছিন্ন জোগান বজায় রেখেছে। গ্রাহকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল বা গ্যাস না কেনার জন্য সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
সাম্প্রতিক তথ্যানুযায়ী, গত তিন দিনে দেশে প্রায় ১.৪০ কোটি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার বুকিংয়ের বিপরীতে ১.৪৯ কোটি সিলিন্ডার ডেলিভারি দেওয়া হয়েছে। এছাড়া পিএনজি সংযোগের পরিধি বাড়িয়ে গত মার্চ মাস থেকে প্রায় ৯.৪২ লক্ষ বাড়িতে নতুন সংযোগ দেওয়া হয়েছে এবং আরও ৩.১২ লক্ষ সংযোগের পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজার ও অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নির্ভর করে জ্বালানির দাম নির্ধারিত হওয়ায়, ভবিষ্যতে পেট্রোল, ডিজেল বা গ্যাসের দাম কমার বিষয়ে কোনো স্পষ্ট আভাস দেয়নি মন্ত্রক। কৃত্রিম সংকট এড়াতে গ্রাহকদের কেবল প্রয়োজনে জ্বালানি সংগ্রহ এবং গুজব এড়িয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।