চাকরি চুরির টাকায় রাজপ্রাসাদ! তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করে ক্ষোভে ফেটে পড়ল জনতা
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা ও জমি আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার সম্পত্তি গড়ার অভিযোগে বাঁকুড়ার পাত্রসায়রে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে পাত্রসায়রের বামিরা গ্রামে তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ নবকুমার পালের বাড়ির সামনে শতাধিক মানুষ লাঠি-সোঁটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। জনরোষের মুখে ওই নেতা নিজের বিলাসবহুল বাড়ির ভেতরেই তালাবন্ধ হয়ে পড়েন এবং একপর্যায়ে উত্তপ্ত জনতা বাড়ির দরজা-জানলা ও আসবাবপত্র ভাঙচুর করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১৫ বছরে ক্ষমতার দাপট দেখিয়ে ওই নেতা সাধারণ মানুষকে চাকরির টোপ দিয়ে টাকা আদায় করতেন এবং টাকা দিতে অক্ষমদের জমি নিজের নামে লিখে নিতে বাধ্য করতেন। গ্রামের ভুক্তভোগীরা জানান, চাকরির আশায় জমিজমা খুইয়ে আজ অনেকে নিঃস্ব। যদিও ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিজ নামে গড়ে ওঠা বিপুল সম্পত্তির বিষয়ে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নবকুমার পাল এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।