সালমানের অপমান বরদাস্ত নয়, প্রতিবেশীকে কড়া বার্তা হাইকোর্টের!
বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর পানভেল ফার্মহাউসের প্রতিবেশী কেতন কক্কড়ের মধ্যকার মানহানি মামলায় কড়া অবস্থান নিয়েছে বোম্বে হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অভিনেতার বিরুদ্ধে করা সমস্ত মানহানিকর ও বিতর্কিত পোস্ট অবিলম্বে মুছে ফেলতে হবে। বিচারপতি শর্মিলা দেশমুখের সিঙ্গল বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকার মানে এই নয় যে, সেলিব্রিটি বা সাধারণ মানুষের সম্মানহানি করার অধিকার কারো আছে।
ঘটনার সূত্রপাত একটি সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে, যেখানে কেতন কক্কড় সোশ্যাল মিডিয়ায় সালমান খানের বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগসাজশ, শিশু পাচার এবং মৃতদেহ পুঁতে রাখার মতো কাল্পনিক ও উস্কানিমূলক অভিযোগ তোলেন। এছাড়া অভিনেতার ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে কুৎসা ছড়ানোর প্রেক্ষিতে ২০২২ সালে সালমান মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযুক্তকে সব আপত্তিকর পোস্ট মুছে ফেলতে হবে এবং তৃতীয় কোনো পক্ষ তা শেয়ার করলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও তা সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে।