শেষ মুহূর্তে আর ছাড় নেই, নবান্নের কড়া নির্দেশিকায় নড়েচড়ে বসল সবাই!
টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রশাসনিক দক্ষতা বাড়াতে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নিরাপত্তা, সাফাই, হাউসকিপিং ও ডায়েট সরবরাহকারী সংস্থা নিয়োগের ক্ষেত্রে অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা বৃহস্পতিবার থেকে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পি. কে. মিশ্র স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে কোনো পরিষেবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট পরিষেবার সমস্ত টেন্ডার বাধ্যতামূলকভাবে সরকারি জিইএম (GeM) পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অতীতে শেষ মুহূর্তে চুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদনের যে প্রবণতা ছিল, তা রোধ করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র অত্যন্ত জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া মেয়াদ বৃদ্ধির কোনো প্রস্তাব বিবেচনা করা হবে না।