গৃহবধূ মানেই পরিচারিকা নয়, দেশ গড়ার কারিগর আমাদের মায়েরা!
গৃহিণীদের ঘরের কাজের অর্থনৈতিক মূল্যায়ন নিয়ে এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ২০০১ সালে পাঞ্জাবের এক গৃহবধূর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মামলার রায়ে বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ঘরের কাজ সামলানো মহিলারা কেবল গৃহিণী নন, বরং দেশের নির্মাতা। আদালত স্পষ্ট করেছে, পরিবার ও সমাজের প্রতি তাঁদের নিঃস্বার্থ শ্রম ও ত্যাগের অর্থনৈতিক মূল্য অপরিসীম।
এই রায়ের ভিত্তিতে আদালতে ওই মৃতার পরিবারের জন্য ক্ষতিপূরণের পরিমাণ ৬২.৭৮ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি, শীর্ষ আদালত নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, গৃহবধূর মৃত্যুজনিত ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে তাঁর গৃহস্থালি শ্রমের ন্যূনতম মাসিক মূল্য অন্তত ৩০ হাজার টাকা ধরে হিসাব করতে হবে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, বিবাহের অর্থ পরিচারিকা নিয়োগ নয় এবং ঘরের কাজের পাশাপাশি নারীর নিজস্ব স্বপ্ন বা কর্মজীবনের অধিকারকে খর্ব করা যায় না। দুর্ঘটনার শিকার পরিবারের সদস্যরা যাতে দ্রুত এই ক্ষতিপূরণ পায়, সেই লক্ষ্যে দেশের সমস্ত হাইকোর্টকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।