অস্ত্রোপচার ছাড়াই স্বাস্থ্যসাথীর টাকা লোপাট, নদিয়ায় নার্সিংহোমের ভয়ঙ্কর প্রতারণা!
করিমপুরে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার, ধৃত নার্সিংহোম মালিক
নদিয়ার করিমপুরে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে সেলিম মল্লিক নামে এক নার্সিংহোম মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তেহট্টের বাসিন্দা ছাত্তার আলি নামে এক বৃদ্ধের ফোনে আসা অস্ত্রোপচারের বিল সংক্রান্ত বার্তার সূত্র ধরে এই জালিয়াতির ঘটনাটি সামনে আসে। ওই বৃদ্ধ শারীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও তাঁর স্বাস্থ্যসাথী কার্ড থেকে ১১,৫০০ টাকা কেটে নেওয়ার মেসেজ আসায় তিনি স্থানীয় ‘সুরক্ষা নার্সিংহোম’-এ গিয়ে কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত চান। অভিযোগ, সেই সময় নার্সিংহোম মালিক তাঁকে হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নার্সিংহোমে তল্লাশি চালিয়ে জালিয়াতির একাধিক প্রমাণ উদ্ধার করে। বাইরে থেকে প্রায় বন্ধ থাকলেও, ভেতরে রমরমিয়ে চলত এই জালিয়াতি। অভিযানে প্রচুর স্বাস্থ্যসাথী কার্ড, বীমার নথি এবং রোগী ভর্তি না থাকা সত্ত্বেও নামধামে পূর্ণ বেশ কিছু রেজিস্টার খাতা উদ্ধার হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় এবং বয়ানে অসঙ্গতি থাকায় মালিক সেলিম মল্লিককে গ্রেফতার করা হয়। স্থানীয়দের দাবি, প্রায় এক বছর ধরে বন্ধ থাকা এই নার্সিংহোমে গোপনে কার্ডের তথ্য চুরি করে সরকারি টাকা আত্মসাৎ করা হতো। এই চক্রের সঙ্গে স্বাস্থ্যদপ্তরের কোনো কর্মী বা অন্য কোনো বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।