শ্রীভূমির ক্লাবের ঘরে সরকারি ত্রাণের পাহাড়, সুজিত বসুর এলাকায় চরম দুর্নীতির অভিযোগ!

দুর্গোৎসবের জৌলুসের আড়ালে এবার দুর্নীতির অভিযোগে শিরোনামে উঠে এল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ক্লাবের খেলার মাঠের একটি ঘর থেকে বস্তা বস্তা কম্বল, লুঙ্গি, শিশুদের পোশাক এবং কলকাতা পুরসভার সিলমোহরযুক্ত বালতি ও রান্নার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় এবং চরম উদাসীনতায় কোটি কোটি টাকার এই ত্রাণসামগ্রী বর্তমানে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, যা নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২০২২ সালের শিক্ষক দিবসের লোগো আঁকা উপহার এবং ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত গঙ্গাসাগর মেলার বিশেষ অতিথিদের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী। ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের লোগো দেওয়া প্যাকেটে পিতলের পাত্র ও গঙ্গাজলের ঘটিসহ বহু মূল্যবান বস্তু উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সময়ের গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তৎকালীন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুজিত বসু। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিধায়ক ও বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতাই দত্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং শাসকদলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *