হঠাৎ উধাও ফেসবুক ও ইনস্টাগ্রাম! বিশ্বজুড়ে ব্যাপক বিভ্রাটে আতঙ্কিত ইউজাররা
শুক্রবার সন্ধ্যা থেকে বিশ্বজুড়ে বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। সন্ধ্যা সাতটার কিছু পর থেকে শুরু হওয়া এই সমস্যার ফলে লক্ষাধিক ব্যবহারকারী বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে কোনো পোস্ট করা যাচ্ছে না, মেসেঞ্জার পুরোপুরি অচল হয়ে পড়েছে এবং অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে যাচ্ছে। একই সঙ্গে ইনস্টাগ্রামের ফিড আপডেট বা ডাইরেক্ট মেসেজ পাঠানোর ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। তবে মেটার মালিকানাধীন অন্য প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বর্তমানে স্বাভাবিকভাবেই কাজ করছে।
সার্ভারে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীর পাশাপাশি ডেস্কটপ ও ল্যাপটপেও পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ইউজাররা। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে পেশাগত কাজেও এর প্রভাব পড়ায় ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সমস্যার কারণ বা সমাধানের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি।