প্রেমিকের সঙ্গে নেশার ঘোরে প্রাণ হারাল ১৮ বছরের তরুণী! গ্রেফতার মা, ফাঁস চাঞ্চল্যকর তথ্য
তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে একটি বেসরকারি লজ থেকে ইয়াসমিন (১৮) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অতিরিক্ত মাত্রায় মাদক গ্রহণের (ওভারডোজ) ফলে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় তরুণীর প্রেমিক সাদ্দাম হোসেন (১৯), তার বন্ধু শেখ আব্দুল্লাহ এবং মৃতার মা শাকিলা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তে জানা গেছে, গত চার বছর ধরে সাদ্দামের সঙ্গে ইয়াসমিনের সম্পর্ক ছিল। দুই বছর আগে নাবালিকা ইয়াসমিনের ওপর নির্যাতনের অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছিল এবং সে জেল খেটেছিল। পুলিশ লজটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য ও সিরিঞ্জ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, মৃতার মা শাকিলা বেগম গোপনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং ইয়াসমিন তার মায়ের ড্রাগের স্টক থেকেই মাদক চুরি করে প্রেমিকের সঙ্গে লজে নিয়ে গিয়েছিল। বর্তমানে মাদকের উৎস ও এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে শাকিলা বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।