রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন যাতায়াতের বিকল্প পথ!
চলতি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য আগামী রবিবার, ১৪ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স-এর উদ্যোগে সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং বদলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলে দুপুর ২টোর পর থেকে সেতুতে পুনরায় যান চলাচল স্বাভাবিক হবে।
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি কমাতে কলকাতা পুলিশ বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এজেসি বোস রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড ও খিদিরপুর রোডের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুগামী যানবাহনগুলোকে হেস্টিংস ক্রসিং, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। একইভাবে খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে আসা কলকাতামুখী এবং সেতুর র্যাম্পের দিকে যাওয়া গাড়িগুলোকে ১১ ফার্লং গেট ও রেড রোডের মাধ্যমে হাওড়া ব্রিজের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।