অভিষেকের বাড়িতে পুলিশের হানা, কালীঘাটে তীব্র উত্তেজনা!
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে শালবনী থানার পুলিশের একটি দল আকস্মিক তল্লাশি অভিযান চালিয়েছে। গতকাল রাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাত সদস্যের ওই পুলিশ দল পটুয়াপাড়ার বাড়িতে উপস্থিত হয় এবং পরিস্থিতি সামাল দিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের সহায়তায় বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে। তল্লাশি চলাকালীন ওই বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তল্লাশির বিষয়টি নিশ্চিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তদন্তের স্বার্থে তাঁরা পুলিশকে সবরকম সহযোগিতা করেছেন।
তদন্তকারী পুলিশ সূত্রে জানা গেছে, দলের টিকিট পাইয়ে দেওয়ার নামে আর্থিক তছরুপ ও মেদিনীপুরের জমি কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের সন্ধানে এই অভিযান চালানো হয়েছে। জমি জালিয়াতির মামলায় ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের পর সুমিত রায়ের নাম উঠে আসে এবং তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। তদন্তকারীরা জানতে পারেন যে, সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন রাত আড়াইটে পর্যন্ত অভিষেকের বাড়িতেই দেখাচ্ছিল, যার প্রেক্ষিতে পুলিশ মেদিনীপুর থেকে কলকাতায় এসে এই তল্লাশি চালায়। সুমিত রায়কে এর আগে কয়লা পাচার মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল।