অবশেষে শান্তির পথে আমেরিকা ও ইরান, খামেনেইর চূড়ান্ত সিগন্যালের অপেক্ষায় বিশ্ব!
দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে ঐতিহাসিক শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে আমেরিকা ও ইরান। হোয়াইট হাউজ জানিয়েছে, বর্তমানে এই চুক্তির সম্ভাবনা ৮০ থেকে ৮৫ শতাংশে উন্নীত হয়েছে। তবে কিছু জটিল সমীকরণ ও মতপার্থক্যের কারণে পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষর নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চুক্তির আওতায় হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং সব অবরোধ তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে যে, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং সব সমৃদ্ধ ইউরেনিয়ামসহ পারমাণবিক উপাদান যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। অন্যদিকে, তেহরান এই আলোচনার শুরুতে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছে এবং চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে। বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের চূড়ান্ত অনুমোদনের ওপরই চুক্তিটির ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।