উদ্ধব শিবিরে বড়সড় ভাঙন, ফোন বন্ধ করে বেপাত্তা বহু সাংসদ!

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড় ধরনের ভাঙনের জল্পনা তৈরি হয়েছে। দলের সম্ভাব্য ভাঙন ঠেকাতে রবিবার মুম্বাইয়ের মাতশ্রীতে উদ্ধব ঠাকরে জরুরি বৈঠক ডাকলেও, তাতে দলের বেশ কয়েকজন সাংসদ অনুপস্থিত থাকায় এবং কয়েকজনের ফোন বন্ধ থাকায় উদ্বেগ বেড়েছে শিবসেনা (উদ্ধব) শিবিরে। লোকসভায় দলের ৯ জন এবং রাজ্যসভায় একমাত্র সাংসদ সঞ্জয় রাউতকে নিয়ে গঠিত বর্তমান এই শিবিরে সাংসদদের এই রহস্যময় অনুপস্থিতি উদ্ধব ঠাকরের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৈঠকে শিরডির সাংসদ ভাউসাহেব বাকচৌরের হদিস পাওয়া যাচ্ছে না, কারণ তাঁর ফোন বন্ধ রয়েছে এবং পরিবার বা ব্যক্তিগত সহকারীর কাছ থেকেও কোনো তথ্য মিলছে না। পাশাপাশি ব্যক্তিগত কারণ দেখিয়ে সঞ্জয় যাদব ও নাগেশ পাটিল-সহ আরও তিনজন সাংসদ বৈঠকে উপস্থিত হননি। এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা শিবিরের দাবি, উদ্ধবের অন্তত সাতজন সাংসদ তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিন্ডে শিবিরের ‘অপারেশন টাইগার’-এর প্রভাব এবং সাংসদদের এই দলত্যাগের সম্ভাবনা মারাঠা রাজনীতিতে উদ্ধব ঠাকরের রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *