বাড়ির সামনে ‘তৃণমূল প্রবেশ নিষেধ’ ব্যানার, শোরগোল ফেললেন বিজেপি নেতা!
বর্ধমান শহরের শাঁকারিপুকুর এলাকায় বিজেপির ৪ নম্বর নগর মণ্ডলের সহ-সভাপতি মানস কুমার দের বাড়ির গেটে একটি রাজনৈতিক ব্যানারকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ওই ব্যানারে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, তৃণমূল দলের কোনো কর্মী-সমর্থকের বিজেপিতে প্রবেশের সুযোগ নেই। একইসঙ্গে, তৃণমূলের কোনো নেতা বা কর্মীকে তাঁর বাড়িতে কোনো অনুরোধ নিয়ে না আসা এবং বাড়ির চারপাশে ঘোরাঘুরি না করার জন্য সতর্ক করা হয়েছে। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
মানস কুমার দের দাবি, রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর অনেক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদানের ইচ্ছা নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দল ও সাধারণ মানুষের মতানুযায়ী যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের কোনোমতেই দলে নেওয়ার প্রশ্নই ওঠে না। রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশ মেনেই তিনি এই অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূল নেতা দেবু টুডু এই ব্যানারকে ‘সস্তা প্রচারের কৌশল’ বলে অভিহিত করেছেন। তাঁর পাল্টা অভিযোগ, বিজেপি ভয় দেখিয়ে তৃণমূল কর্মীদের দলবদলের চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই শিবিরের পারস্পরিক দোষারোপে স্থানীয় রাজনৈতিক পরিবেশ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।