টিটেনাস ইনজেকশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, দাম বাড়ল একলাফে ৫০%!
বাজারে জীবনদায়ী ওষুধ ‘অ্যান্টি-টিটেনাস ইমিউনোগ্লোবিউলিন’ (ATIG)-এর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এর সর্বোচ্চ খুচরো মূল্য ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ওষুধমূল্য নির্ধারণ কর্তৃপক্ষ (NPPA)। এই ঘোষণার ফলে ২৫০ ইন্টারন্যাশনাল ইউনিট (IU)-এর ভায়ালের দাম ১,২৭৫ টাকা থেকে বেড়ে ১,৯১২ টাকা এবং ৫০০ আইইউ-এর ভায়ালের দাম ১,৯২০ টাকা থেকে বেড়ে ২,৮৮১ টাকা হতে পারে। ড্রাগস প্রাইস কন্ট্রোল অর্ডার (DPCO)-এর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
এনপিপিএ জানিয়েছে, কাঁচামালের মূল্যবৃদ্ধি, আমদানির চড়া খরচ এবং উৎপাদন ও পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর জন্য ওষুধটি উৎপাদন করা অলাভজনক হয়ে পড়েছিল, যার ফলে বাজারে এর জোগানে ঘাটতির আশঙ্কা তৈরি হয়। চিকিৎসকদের মতে, ক্ষতস্থানে টিটেনাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এই ইনজেকশন অত্যন্ত জরুরি, কারণ সাধারণ টিকার তুলনায় এটিআইজি দ্রুত অ্যান্টিবডি সরবরাহ করে রোগীকে তৎক্ষণাৎ সুরক্ষা দেয়। প্রস্তুতকারক সংস্থাগুলোর আবেদনের ভিত্তিতেই জরুরি ভিত্তিতে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।