ডোমজুড়ে তৃণমূল পার্টি অফিসে জনতার আগুন, নেপথ্যে কি তোলাবাজি?
হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় একদল উত্তেজিত জনতা হঠাৎ ওই কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং এরপর পুরো অফিসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পার্টি অফিসটি বেআইনি কাজকর্ম ও তোলাবাজির কেন্দ্রে পরিণত হয়েছিল। বিলাসবহুল আসবাবপত্র ও সুযোগ-সুবিধাসম্পন্ন এই কার্যালয়কে ঘিরে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় সড়কের ধারের দোকানগুলোর ইলেকট্রিক মিটার ওই অফিসে রাখা ছিল এবং নির্ধারিত বিলের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায় করা হতো। টাকা দিতে অস্বীকার করলে মিলত হুমকি। বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা না মেলায় জনরোষের এই বহিঃপ্রকাশ ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে এই ঘটনার জেরে ডোমজুড় ও সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।