মাত্র কয়েক মিনিটেই শিশুর আধার কার্ড! জানুন আবেদন পদ্ধতি ও বিশেষ সুবিধাগুলো
ভারতে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ভারতের অনন্য শনাক্তকরণ কর্তৃপক্ষ (UIDAI) ‘বাল আধার’ বা ‘ব্লু আধার’ নামে একটি বিশেষ পরিচিতি কার্ড প্রদান করছে। সাধারণ আধার কার্ডের বিপরীতে নীল রঙের এই কার্ডটি শিশুকে শৈশব থেকেই একটি স্বতন্ত্র সরকারি পরিচয় দেয়। স্কুল ভর্তি, সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ এবং ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে এই কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য এই কার্ড তৈরি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।
বাল আধারের আবেদনের জন্য শিশুর জন্ম শংসাপত্র বা হাসপাতালের ডিসচার্জ স্লিপ এবং বাবা-মায়ের যেকোনো একজনের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। ছোট শিশুদের আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান করা সম্ভব নয় বলে এই কার্ডের ক্ষেত্রে বাবা-মায়ের বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে শিশুর বয়স ৫ বছর পূর্ণ হওয়ার পর বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও চোখের মণি) আপডেট করতে হয় এবং পরবর্তীতে ১৫ বছর বয়সে পুনরায় এই তথ্য হালনাগাদ করতে হয়। নির্দিষ্ট সময়ে এই আপডেট না করলে কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।