রেলের নয়া নিয়ম, এবার জেল ও মোটা জরিমানা!
ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, ধূমপান, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা এবং অনধিকার প্রবেশের মতো অপরাধ রুখতে শাস্তির মেয়াদ ও জরিমানার অঙ্ক এক ধাক্কায় অনেকটা বাড়াল ভারতীয় রেল। ‘জন বিশ্বাস (সংশোধন) আইন, ২০২৬’-এর আওতায় রেলওয়ে আইন, ১৯৮৯-এ এই সংশোধনী আনা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর রেল মন্ত্রক ইতিমধ্যে নতুন নির্দেশিকা কার্যকর করেছে, যার লক্ষ্য রেল পরিষেবাকে আরও শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ করে তোলা।
নতুন নিয়মে টিকিট ছাড়া বা অবৈধ টিকিট ব্যবহারের জন্য ন্যূনতম ৫০০ টাকা অতিরিক্ত চার্জ এবং অন্য যাত্রীর টিকিটে ভ্রমণের জন্য ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। ট্রেনের ভেতর বা স্টেশনে ধূমপানের জন্য ২ হাজার টাকা এবং মহিলা কোচ বা সংরক্ষিত আসনে পুরুষ যাত্রীদের অনধিকার প্রবেশের জন্য ২ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা, থুতু ফেলা বা অশালীন আচরণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, অনুমতিহীন হকারি বা ভিক্ষাবৃত্তির জন্য ২ হাজার টাকা এবং বিপজ্জনক সামগ্রী বহনের ক্ষেত্রে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। রেলের সাধারণ নির্দেশনা অমান্য করলে প্রথমবার ২ হাজার এবং দ্বিতীয়বার একই অপরাধের জন্য ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।