জল-খাবারেই লুকিয়ে মৃত্যু! কেরলে প্রাণঘাতী শিগেলা আতঙ্কে কাঁপছে মানুষ?
কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন করে প্রাণঘাতী ‘শিগেলা’ ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বর্ষার মরশুমে দূষিত জল ও খাবারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এই রোগে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩৩ জনে পৌঁছেছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে কোঝিকোড় ও ওয়ানাড় জেলায় এই ব্যাকটেরিয়ার সংক্রমণে মোট ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সাম্প্রতিক সময়ে মারা গেছেন ৫ জন। তবে স্বস্তির খবর হলো, কোঝিকোড়ে নিপা ভাইরাসের উপসর্গ থাকা ১৫ জন সন্দেহভাজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
চিকিৎসকদের মতে, শিগেলা একটি অতি সংক্রামক ব্যাকটেরিয়া যা অন্ত্রে মারাত্মক সংক্রমণ ঘটায়। ডায়রিয়া, পেটে তীব্র ব্যথা, জ্বর এবং ডিহাইড্রেশন এই রোগের প্রধান লক্ষণ। অনেক ক্ষেত্রে মলের সঙ্গে রক্ত বা মিউকাসও নির্গত হতে পারে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সি শিশু ও প্রবীণদের সংক্রমণের ঝুঁকি বেশি। বিশেষজ্ঞদের পরামর্শ, বর্ষাকালে বাইরের খোলা খাবার ও জল গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।