কৃষকদের মুখে হাসি ফোটাবে নতুন বাজেট, উত্তরের স্পাইস হাব থেকে কোল্ডস্টোরেজে মিলবে বড় সুদিন!

২০২৬ বাজেট: কৃষিখাতকে চাঙ্গা করতে বড় ঘোষণা রাজ্য সরকারের

কৃষিকে বাংলার অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করে ২০২৬ সালের রাজ্য বাজেটে কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ধান চাষিদের সহায়তার লক্ষ্যে সরাসরি সরকারি ক্রয়মূল্য বাড়িয়ে ৩,১০০ টাকা করা হয়েছে এবং খারিফ মরশুমে প্রতি কুইন্টালে অতিরিক্ত ২০০ টাকা ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলু চাষিদের সহায়তায় প্রতি কুইন্টালে অতিরিক্ত ২০০ টাকা দেওয়া হবে এবং উন্নত বীজের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া, কোল্ড স্টোরেজ ও প্যাকিং সেন্টার তৈরিতে ৩৫ শতাংশ ভর্তুকির জন্য বরাদ্দ করা হয়েছে আরও ১০০ কোটি টাকা।

বিদ্যুৎ খরচ কমাতে সাবমার্সিবল পাম্প ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ২ টাকা ভর্তুকি ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গের সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে তিস্তা ব্যারেজ প্রকল্পে ১১,০০০ কোটি টাকা এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, পিএম কিষান প্রকল্পের আওতায় কেন্দ্র প্রদত্ত ৬,০০০ টাকার সাথে বাড়তি ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য। কৃষিভিত্তিক পরিকাঠামো উন্নয়নে উত্তরবঙ্গে একটি আধুনিক ‘স্পাইস হাব’ স্থাপন, আম ও ফুল চাষে ক্লাস্টার তৈরি এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ১০০ কোটি টাকার ‘স্টেট প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠনের ঘোষণাও বাজেটে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *