ফোর্ট উইলিয়ামের সামনে ধরা পড়ল ভুয়ো সিআরপিএফ জওয়ান!
কলকাতার ফোর্ট উইলিয়ামের অত্যন্ত সংবেদনশীল এলাকায় সিআরপিএফ (CRPF) জওয়ানের ছদ্মবেশে ঘোরাঘুরির অভিযোগে আকাশ সোনার (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খিদিরপুর রোডে ফোর্ট উইলিয়ামের গেটের সামনে একটি কালো গাড়িতে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার এক কর্মী আটক করেন। ফোর্ট উইলিয়ামের ভেতরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার পরিচয় ভুয়ো নিশ্চিত হলে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তদন্তে জানা গেছে, উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা ওই যুবক পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি বেসরকারি লজিস্টিক সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সিআরপিএফ জওয়ান হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব খাটাতেন এবং তার মোবাইল ফোনে জওয়ানের পোশাক পরিহিত একাধিক ছবি পাওয়া গিয়েছে। ফোর্ট উইলিয়ামের মতো উচ্চ নিরাপত্তাবেষ্টিত সেনা কার্যালয়ের সামনে তার এই উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এর পেছনে কোনো নিছক প্রতারণা নাকি বৃহত্তর কোনো ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ সুয়োমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী সামরিক এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।