ভোটব্যাঙ্ক নয়, ডাক্তার-ইঞ্জিনিয়ার হোন! সংখ্যালঘুদের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশনে জবাবী ভাষণ দিতে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সংখ্যালঘুদের স্বার্থে শিক্ষা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। এদিন তিনি স্পষ্ট জানান, সংখ্যালঘু সম্প্রদায়কে আর কোনো রাজনৈতিক ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করা হবে না। একই সঙ্গে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার তীব্র সমালোচনা করে অভিযোগ করেন যে, আগের সরকার সংখ্যালঘুদের আধুনিক শিক্ষা না দিয়ে তাদের ভুল পথে পরিচালিত করেছে। কেন সরকারি স্কুল-কলেজের পরিবর্তে শুধুমাত্র মাদ্রাসায় পাঠদানের ওপর জোর দেওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন এবং সরকারি উদ্যোগে প্রতিটি সংখ্যালঘু শিক্ষার্থীর জন্য ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মতো মানসম্মত শিক্ষার পথ তৈরির প্রতিশ্রুতি দেন।
বিধানসভায় মুখ্যমন্ত্রী তিলোত্তমা ও তামান্নার পরিবারের জন্য ন্যায়বিচারের আশ্বাস দিয়ে বলেন, তার সরকারে অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি শপথ করেন যে, কোনো বিশেষ সম্প্রদায়কে আঘাত করে তার সরকার কাজ করবে না। এছাড়া বেলডাঙার অস্থিরতা প্রসঙ্গে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন যে, বিগত সরকার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি উদাসীন ছিল। এখন এনআইএ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসার প্রক্রিয়ায় আগের সরকার আর কোনো আগ্রহ দেখাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।