প্রেম ও ঋণের বলি! মা-বাবা ও বোনকে কুপিয়ে খুন তরুণীর
বেঙ্গালুরুতে মা-বাবা ও বোনকে কুপিয়ে খুনের অভিযোগ, পলাতক অভিযুক্ত যুগল
বেঙ্গালুরুর সিগেহল্লি এলাকার সাই গ্রিন অ্যাপার্টমেন্টে সোমবার মা, বাবা ও ছোট বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। পরিবারের অমতে ভিন ধর্মের যুবক কেনেথের সঙ্গে লিভ-ইন সম্পর্ক এবং অতিরিক্ত ঋণের বোঝা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নিহতরা হলেন সোমসুন্দর (৫৫), তাঁর স্ত্রী মুথুলক্ষ্মী (৪৮) এবং তাঁদের ছোট মেয়ে সুপ্রিয়া (২০)। বড় মেয়ে শ্বেতা ও তার সঙ্গী কেনেথ মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ লক্ষ টাকার ঋণ এবং শ্বেতার লিভ-ইন সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল। শনিবার নিহতরা শ্বেতার ফ্ল্যাটে এসেছিলেন এবং সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে তুমুল ঝগড়া ও হাতাহাতি হয়। সেই সময় শ্বেতা ও কেনেথ ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়, যার ফলে ঘটনাস্থলেই মা ও বোনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর বাবা সোমসুন্দরও মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বেতা ও কেনেথ পলাতক রয়েছে। হোয়াইটফিল্ড বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, খুনের কারণ নিশ্চিত করতে এবং অভিযুক্তদের ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। বর্তমান সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।