জন্মদিনে হবু স্বামীকে খাদে ফেলে খুন, গ্রেফতার বাগদত্তা!
পুনের লোহাগড় দুর্গের ৪০০ ফুট গভীর খাদে ফেলে হবু স্বামীকে খুনের অভিযোগে বাগদত্তা ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী নভেম্বরে বিয়ের কথা থাকলেও, কেতন বিশাল আগরওয়াল নামে ২৬ বছর বয়সী ওই ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। গত ১৮ জুন জন্মদিন পালনের অছিলায় লোহাগড় দুর্গে ঘুরতে গিয়ে কেতন খাদে পড়ে যান বলে প্রথমে জানানো হয়েছিল। তবে পুলিশের জেরায় যুবতীর বয়ানে অসঙ্গতি মেলায় খুনের রহস্য উন্মোচিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাগদত্তা তরুণী দীর্ঘকাল ধরে চেতন চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। বিয়েতে মত না থাকায় প্রেমিককে নিয়ে তিনি কেতনকে খুনের এই ছক কষেন। তদন্তে জানা যায়, গত ৩১ মে প্রথমবার এই দুর্গে গিয়েও কেতনকে খুনের ব্যর্থ চেষ্টা করা হয়। দ্বিতীয় প্রচেষ্টায় ১৮ জুন পরিকল্পনামাফিক ঘটনাটি ঘটানো হয়। বর্তমানে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখতে মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ।