আরামবাগে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ২, শোকের ছায়ায় এলাকা, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
হুগলির আরামবাগের আদমবাঁধে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গিয়ে দুই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। মৃতরা হলেন পূর্ব বর্ধমানের রায়নার ধাড়ান আদিবাসী পাড়ার বাসিন্দা লক্ষ্মী মুর্মু (৬৫) ও শর্মিলা সরেন (৩৫)। তাঁরা বর্ধমান থেকে তারকেশ্বরগামী বাসে করে গঙ্গাস্নানে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন এবং পরবর্তীতে পুলিশ আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তিন বিধায়ক হেমন্ত বাগ, বিমান ঘোষ ও সুশান্ত ঘোষ আরামবাগ মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।