২৭ বছর ধরে জমি দখল, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় বৃদ্ধা!
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এবার পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। দীর্ঘ ২৭ বছর ধরে সম্পত্তি জবরদখল ও তার প্রতিবাদ করায় লাগাতার অত্যাচারের প্রতিকার চেয়ে বুধবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ হাজির হলেন রঞ্জনা হাজরা নামে এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা ওই বৃদ্ধার অভিযোগ, ১৯৯৯ সাল থেকে অজিত বন্দ্যোপাধ্যায় তাঁর পৈতৃক সম্পত্তি দখল করে ব্যবসা ও নির্মাণকাজ চালিয়ে আসছেন। এমনকি ২০১৭ সালেও ১২-১৩ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একই কায়দায় জবরদখল করা হয়েছে বলে তাঁর দাবি।
রঞ্জনা হাজরা অভিযোগ করেছেন, পূর্বতন সরকারের আমলে বহুবার পুলিশের দ্বারস্থ হয়েও তিনি কোনো আইনি সহায়তা পাননি, উল্টো প্রতিবাদ করায় একাধিকবার হামলার শিকার হতে হয়েছে। অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিনের এই বঞ্চনার অভিযোগ সামনে আসার পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং পূর্বতন শাসকদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আরও জোরালো হয়েছে।