বনশালির সেটে মর্মান্তিক মৃত্যু! পরিচালকের বিরুদ্ধে FIR ও ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি
মুম্বইয়ের ফিল্ম সিটির অদূরে ‘রয়্যাল পাম্প স্টুডিও’-তে সঞ্জয় লীলা বনশালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেট তৈরির কাজ চলাকালীন ৪২ বছর বয়সী কার্পেন্টার চন্দ্রধারী সিং যাদবের মৃত্যুর ঘটনায় উত্তাল বলিউড। গত ১৭ জুন ঘটা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পরিচালক ও প্রযোজনা সংস্থার বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। এফডব্লিউআইসিই (FWICE)-এর দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, এআইসিডব্লিউএ (AICWA)-এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার দাবি, সেটের একাংশ বা ছাদ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে এবং এতে আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে এআইসিডব্লিউএ-এর পক্ষ থেকে বেশ কিছু কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। এর মধ্যে মৃত শ্রমিকের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ, নিহতের স্ত্রীর জন্য স্থায়ী কর্মসংস্থান, এবং সঞ্জয় লীলা বনশালি ও সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। পাশাপাশি, সঠিক ‘সেফটি অডিট’ সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই সেটে সব ধরনের শুটিং বন্ধ রাখার নিদান দিয়েছে সংগঠনটি।