তারাতলায় ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, কাঠগড়ায় তৃণমূল!
কলকাতার তারাতলায় বন্দরের জমিতে নির্মাণাধীন একটি চায়ের গুদামের তিনতলার ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার ছাদ ঢালাইয়ের কাজ চলার সময় আচমকাই কাঠামোটি ভেঙে পড়লে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামানো হয়েছে এবং উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ক্রেন ও অত্যাধুনিক গ্যাসকাটার। ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনো প্রায় ৩০ জন শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বিধায়ক রাকেশ সিংয়ের দাবি অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও অগ্নিমিত্রা পালসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। দুর্ঘটনার পরিস্থিতি মোকাবিলায় নবান্নের তরফে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ০৩৩-২২১৪৩৫২৬ ও ০৩৩-২২৫৩৫১৮৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে এবং অনভিজ্ঞ ঠিকাদার দিয়ে বেআইনিভাবে এই গুদামটি নির্মাণ করা হচ্ছিল। এ বিষয়ে রাজনৈতিক মহলেও পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে এবং ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।