ট্রেনের কামরায় দরজা নিয়ে বচসা, এরপরই যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন!
মুম্বইয়ে চলন্ত ট্রেনের কামরায় দরজা বন্ধ করা নিয়ে বচসার জেরে ২১ বছর বয়সী যুবক মায়াঙ্ক লোহারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মুম্বইয়ের স্থানীয় একটি ট্রেনে বৃষ্টি থেকে বাঁচতে ট্রেনের দরজা বন্ধ করতে বলায় অভিযুক্ত রোশন সুবর্ণর সঙ্গে মায়াঙ্কের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বচসা চরম আকার ধারণ করলে অভিযুক্ত ধারালো অস্ত্র বের করে মায়াঙ্ককে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে তাকে মুম্বইয়ের কুরলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শোকস্তব্ধ নিহতের পরিবার এ ঘটনায় ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আতঙ্কিত যাত্রীদের আর্তনাদ করতে দেখা গেছে। বর্তমানে রেলওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মায়াঙ্কের মরদেহ উদ্ধার করেছে এবং কী কারণে এমন নৃশংস কাণ্ড ঘটানো হলো, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তের অতীত কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।