তামান্না হত্যায় ১৬ জন গ্রেপ্তার, ন্যায়বিচারের পথে বড় জয়!
কালীগঞ্জের নাবালিকা তামান্না হত্যা মামলায় আরও পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তার ২৪ ঘণ্টার মধ্যে ভিন রাজ্যসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এই গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে জিয়ারুল শেখ, সাবির শেখ, ফকর শেখ ও হাফিজুল শেখ ছাড়াও গুরগাঁও থেকে আটক মিনারুল শেখকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনা হচ্ছে। এই নতুন গ্রেফতারের ফলে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়াল।
চব্বিশের বিধানসভা উপনির্বাচনের দিন বোমাবাজিতে তামান্না নিহত হওয়ার এক বছর পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তদন্তে গতি ফিরেছে। নিহতের মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে সাক্ষাতের পরই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই ঘটনায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে এবং দোষীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের রেহাই দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে রাজ্য সরকার।