বঙ্গোপসাগরে নিম্নচাপের দাপট, কলকাতা সহ জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা!
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, ক্ষেত্রবিশেষে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং বজ্রপাতের আশঙ্কায় সাধারণ মানুষকে খোলা জায়গা বা গাছের নিচে থাকতে বারণ করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও প্রবল বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। আগামী সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে।