ডিম ছোঁড়া নয়, বাজেট নিয়ে হোক জোরালো প্রচার! বিধায়কদের কড়া বার্তা শুভেন্দু-শমীকদের
দলের অন্দরে শৃঙ্খলা নিশ্চিত করতে ও সরকারের জনমুখী কর্মকাণ্ড প্রচারের লক্ষ্যে কড়া অবস্থান নিয়েছে রাজ্য বিজেপি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত দু’দিনের বিশেষ বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের বিধায়কদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, ‘ডিম সংস্কৃতি’ বা পার্টি অফিস দখলের মতো কোনো ধরনের নেতিবাচক প্রবণতা বরদাস্ত করা হবে না। নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ড নতুন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাই বিধায়কদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সরকার ঘোষিত জনমুখী বাজেট প্রচারে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
নতুন বাজেটে সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ অতিরিক্ত মহার্ঘভাতা (ডিএ) ঘোষণা এবং ১ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে দলের মূল হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। শীর্ষ নেতৃত্বের মতে, এই সাফল্যেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলে তৃণমূল স্তরে দলের ভিত্তি মজবুত হবে। এছাড়া, প্রথমবার নির্বাচিত হওয়া বিধায়কদের স্বচ্ছতা ও সংগঠনের কাজের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার, সুনীল বনসল এবং অমিত মালব্যর মতো শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই বৈঠকে বিধায়কদের কড়া বার্তা দেওয়া হয়েছে যে, দলের নাম ভাঙিয়ে তোলাবাজি বা শৃঙ্খলাভঙ্গের কোনো অভিযোগ উঠলে দল কোনোভাবেই আপস করবে না।