বিয়ের চাপে হবু স্বামীকে খুন, পুণের ঘটনায় কাঠগড়ায় প্রেমিকার পরিবার!
পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটের সময় হবু স্বামী কেতন বিশাল আগরওয়ালকে পাহাড় থেকে ফেলে হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। এই ঘটনায় মূল অভিযুক্ত নিহতের বাগদত্তা সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, পরিবারের চাপে কেতনের সঙ্গে বিয়েতে রাজি হলেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না সিয়া। বিয়ের জন্য নভেম্বরে ১৭ কোটি টাকা ব্যয়ে একটি বিলাসবহুল প্রাসাদও বুক করা হয়েছিল, তবে সেই চাপ থেকে মুক্তি পেতেই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
ঘটনার পর এটিকে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করা হলেও সিসিটিভি ফুটেজ তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হুডি পরিহিত এক যুবকের সন্দেহজনক গতিবিধি ধরা পড়লে পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করে এবং জেরার মুখে সিয়া স্বীকার করেন যে তিনি তাঁর প্রেমিক চেতন। ডিজিটাল প্রমাণ ও কল রেকর্ড খতিয়ে দেখে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। বর্তমানে পুলিশের আতশকাচের নিচে রয়েছে সিয়ার পরিবার। তদন্তে পরিবারের ইন্ধন বা প্ররোচনার প্রমাণ মিললে আইনি পদক্ষেপের আওতা আরও প্রসারিত হতে পারে।