মোসাদের নিশানায় পাক সেনাপ্রধান, ইজরায়েলকে মুছে ফেলার হুমকি!
ইজরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে পাকিস্তান—ব্রাজিলীয় সাংবাদিক ও ভূ-কৌশলগত বিশেষজ্ঞ পেপে এসকোবারের এমন চাঞ্চল্যকর দাবিতে আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। এসকোবারের দাবি অনুযায়ী, সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি স্থাপন সংক্রান্ত আলোচনার সময় পাক সেনাপ্রধান আসিম মুনিরসহ পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার ছক কষেছিল ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। যদিও পাকিস্তানি সাংবাদিকরা এই দাবিকে নস্যাৎ করেছেন।
এসকোবারের দাবি, ইরান-আমেরিকা শান্তি চুক্তির ঘোর বিরোধী ইজরায়েল। এই শান্তি প্রক্রিয়া যাতে সফল না হয়, তার জন্য পাকিস্তানের প্রতিনিধিদলের ওপর হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর নির্দেশে। এই গোপন ষড়যন্ত্রের তথ্য পাক গোয়েন্দাদের হাতে আসার পর ওমানের মধ্যস্থতায় ইজরায়েলের কাছে বার্তা পাঠানো হয় যে, পাক প্রতিনিধিদলকে স্পর্শ করলে ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ইজরায়েলের মধ্যকার এই উত্তেজনা নতুন করে বৈশ্বিক উদ্বেগের সৃষ্টি করেছে।