অবশেষে সুখবর! দীর্ঘ ২ বছর পর বাংলাদেশিদের জন্য খুলল ভারতের ট্যুরিস্ট ভিসা
দীর্ঘ দুই বছরের অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ‘ট্যুরিস্ট ভিসা’ বা পর্যটন ভিসা পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে ভারত। ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) পরিদর্শনের সময় এই ঘোষণা দেন। আগামী ২৮ জুন থেকে ঢাকার মূল কেন্দ্রসহ বাংলাদেশের মোট পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তার স্বার্থে দিল্লি এই পরিষেবা স্থগিত করেছিল।
ভিসা পরিষেবা পুনরায় চালু করার এই সিদ্ধান্তকে ভারত-বাংলাদেশ সম্পর্কের স্বাভাবিকীকরণে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার ভিসা পরিষেবা দ্রুত স্বাভাবিক করার অনুরোধ জানিয়ে আসছিল। এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার বর্মার স্থলাভিষিক্ত হওয়া দীনেশ ত্রিবেদীর এই উদ্যোগ দুই দেশের পর্যটন, ব্যবসা ও জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।