তারাতলার ধ্বংসস্তূপে মৃত্যুমিছিল! ১৫ জনের প্রাণহানি, গ্রেফতার মূল অভিযুক্ত

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। বুধবারের এই ভয়াবহ বিপর্যয়ের পর থেকে সেনাবাহিনী, এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং কলকাতা পুলিশের যৌথ তৎপরতায় এখনও পর্যন্ত ৩১ জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। তবে উদ্ধারকারী দলের আশঙ্কা, কংক্রিটের কাঠামো ও লোহার স্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন। বৃহস্পতিবার সকালেও পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক বিশ্লেষণে নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের নিম্নমান এবং সুরক্ষাবিধি অমান্য করাকে এই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ঘটনার পর পুলিশি তৎপরতায় পোর্ট ট্রাস্ট থেকে জমি লিজ নেওয়া শম্ভুনাথ বেহেরা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকাজের সময় বৃহস্পতিবার সকালে গোডাউন তৈরির বরাত পাওয়া ঠিকাদার আসগার হুসেইনের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় সাহিল সর্দার (১৭) ও রোহিত চৌধুরীর (২০) মতো তরুণ শ্রমিকদের অকাল মৃত্যুতে পরিকাঠামোগত গাফিলতির বিষয়টি সামনে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *