কলকাতায় ধৃত তৃণমূল উপপ্রধান, পুলিশের সামনেই চলল ডিম-বৃষ্টি!
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতারের পর শুক্রবার তীব্র জনরোষের মুখে পড়লেন ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দার। বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলিসহ তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় ক্যানিং থানার সামনেই স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সময় ধৃতকে লক্ষ্য করে ডিম ছুড়ে ‘চোর’ স্লোগান দেওয়া হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দীর্ঘদিন ধরেই তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দারের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি আদায়, দাদাগিরি, মারধর ও ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ তুলে আসছিলেন এলাকাবাসী। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে তিনি এতদিন পার পেয়ে যাচ্ছিলেন বলে বিক্ষোভকারীদের দাবি। বর্তমানে অস্ত্র আইনে মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা পুরোনো অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।