স্ত্রীর নাচে আপত্তি, কুড়ালের কোপে স্ত্রী-সন্তানকে কুপিয়ে আত্মঘাতী স্বামী!
মধ্যপ্রদেশের মোরেনা জেলার কিষাণপুর গ্রামে পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রী ও দুই সন্তানকে কুড়ালের আঘাতে খুনের পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃত বলরাম কুশওয়াহার বিরুদ্ধে অভিযোগ, শুক্রবার গভীর রাতে তিনি তাঁর স্ত্রী রবিতা ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করেন। ঘটনার পর বাড়ির অদূরে রেললাইনে গিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে গ্রামের এক ধর্মীয় অনুষ্ঠানে রবিতার নাচকে কেন্দ্র করে বলরামের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। এর জেরে রবিতা কিছুদিনের জন্য বাপের বাড়িতে চলে গেলেও, গত ২৪ জুন তাঁকে ফিরিয়ে আনা হয়। কিন্তু তারপরও দাম্পত্য কলহ মেটেনি। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির উঠোনে তিনটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।