পূর্ব ভারতে জেএমবির বিশাল জঙ্গি নেটওয়ার্ক ফাঁস, ১১ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র!
বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরাসহ পুরো উত্তর-পূর্ব ভারতে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের একটি বড় ছক বানচাল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর ছায়া সংগঠন ‘ইমাম মাহমুদের কাফিলা’ (আইএমকে)-এর ১১ জন সন্দেহভাজন সদস্যের বিরুদ্ধে গুয়াহাটির বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে সংস্থাটি। ‘অপারেশন প্রঘাত’-এর মাধ্যমে গ্রেপ্তার হওয়া এই আসামিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর কঠোর ধারায় অভিযোগ আনা হয়েছে।
এনআইএ-এর তদন্তে দেখা গেছে, জেএমবি নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতে জিহাদি মতাদর্শ ছড়াতে এই শাখা সংগঠনটি তৈরি করেছিলেন। চক্রটি আর্থিকভাবে দুর্বল ও সহজে প্রভাবিত হওয়া যুবকদের টার্গেট করে ডিজিটাল মাধ্যম এবং উসকানিমূলক সাহিত্যের সাহায্যে তাদের মগজধোলাই করত। তদন্তে আসাম ও ত্রিপুরায় নেটওয়ার্ক পরিচালনার দায়িত্বে থাকা যথাক্রমে নাসিমুদ্দিন ও জগীর মিয়ার নাম উঠে এসেছে। তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া গুরুত্বপূর্ণ গোপন নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ থেকে জানা যায়, এই নেটওয়ার্ক সম্প্রসারিত হলে তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াত।