জুলাইয়ের শুরুতেই ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কি তবে বন্যার আশঙ্কা?
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, ১ জুলাই থেকে ভিজবে দক্ষিণবঙ্গ
পশ্চিমবঙ্গে বর্ষার দাপটে আপাতত উত্তাল উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যার জেরে ২৯ জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কোনো কোনো স্থানে ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, মালদা ও দিনাজপুরের জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারের কুমারগ্রামে ১৬ সেন্টিমিটার, সেবক ও রাইডাক চা বাগানে ১২ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর ১ জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বর্ষার দাপট বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৩০ জুন থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে এবং ১ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ছিল নগণ্য; পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের বার্নপুরে ২ সেন্টিমিটার এবং দিঘা ও ডায়মন্ড হারবারে ১ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা বহাল থাকবে।